সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি গণবিচ্ছিন্ন হবে: আহসানুল্লাহ ভূঁইয়া

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ জুলাই ২০২৬ | ১০:০১ অপরাহ্ন


গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করলে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।

শনিবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার ঈদগাহ ময়দানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী। সভা সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ দেশ গঠনের লক্ষ্যে ছাত্র-জনতার একটি বৈপ্লবিক জাগরণ। তিনি অভিযোগ করেন, আন্দোলনে বিএনপি শরিক দল হিসেবে থাকলেও সরকার গঠনের পর তারা নতুন করে ফ্যাসিবাদের স্বপ্ন দেখছে এবং গণভোটের রায়কে আমলে নিচ্ছে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে দাবি করে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। অন্যথায় দেশের জনগণ আরেকটি গণঅভ্যুত্থান ঘটাতে ভুলবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জোবাইরুল আলম মানিক বলেন, নতুন করে ক্ষমতায় এসে বিএনপি মানুষের ভোটাধিকার হরণের স্বপ্ন দেখছে। তারা গণভোটের ৭০ শতাংশ রায়কে অগ্রাহ্য করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিত করে জুলাই গণহত্যার বিচারের দাবি জানান।

সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে জনগণ এখনো জুলাই সনদের জন্য অপেক্ষায় আছে। তিনি অবিলম্বে সরকারকে এই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হুমায়ুন আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নোমান উদ্দীন এবং এবি পার্টির জেলা যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জায়েদ হাসান।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের জেলা সমন্বয়ক ও এনসিপি নেতা সাজ্জাদ হোসেন, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, জাগপা নেতা খোরশেদ আলম, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরিফুর রশিদ এবং আ ক ম ফরিদুল আলমসহ জোটের অন্যান্য নেতারা।