সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার-ভিডিপি কর্মকর্তা নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ জুলাই ২০২৬ | ৭:৪৭ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (৩৮) নামে এক আনসার-ভিডিপি কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার পথে আবুতোরাব রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে। চলতি বছরের শুরুতে তিনি মিরসরাই উপজেলায় আনসার-ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগ দেন।

জানা যায়, রোববার দুপুরে সরকারি কাজ পরিদর্শনের জন্য অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে আবুতোরাব এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্রা দাশ জানান, ওই আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, সকালে একটি তদন্তের কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার পথে রিকশার সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিবারের সদস্যরা আসছেন, এরপর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। আনসার কর্মকর্তার মরদেহ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।