সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লোহাগাড়ায় ডাম্পারের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে আহত ৪

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ জুলাই ২০২৬ | ১০:৩৫ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় ডাম্পার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় টংকাবতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার নুরুল ইসলামের ছেলে রিদুয়ান (২৪), রাজঘাটা এলাকার আবদুস শুক্কুরের স্ত্রী জেবুন্নাহার (৪৫), একই এলাকার রমজান আলীর ছেলে মো. ইসহাক (৬০) এবং পদুয়া ইউনিয়নের ফরিয়াদিরকুল এলাকার হৃদয় বড়ুয়ার স্ত্রী রত্না বড়ুয়া (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে টংকাবতী সড়কের চরম্বা বোর্ড অফিস এলাকায় একটি পদুয়ামুখী ডাম্পার ট্রাকের সঙ্গে চরম্বা নয়াবাজারগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চার যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান।

লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে তা স্বাভাবিক হয়ে আসে।