সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা সভা, দুই সমবায়ীকে সম্মাননা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ জুলাই ২০২৬ | ৬:১৯ অপরাহ্ন


‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা। সভা সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি ওসমান গনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বাহার ও সাবেক সভাপতি নবাব মিয়া চৌধুরী।

এছাড়াও পৌরসভা বিএনপির সদস্যসচিব আবদুল সালাম, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন শাহ এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী সভায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া উপজেলার শ্রেষ্ঠ দুই সমবায়ীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।