
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে হত্যাসহ বিভিন্ন মামলার চারটিতে পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাঙ্গুনিয়া মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার এস এম শফিকুল ইসলাম ওরফে রাশেল (৪০) রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নজুরপাড়ার আসমত আলী তালুকদার বাড়ির বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিনের তত্ত্বাবধানে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শফিকুলের বিরুদ্ধে মাদক, হত্যা ও যৌতুকসহ বিভিন্ন মামলায় চারটি সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ, কোতোয়ালি ও রাঙ্গামাটি সদরসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি, ডাকাতির প্রস্তুতি এবং হত্যাচেষ্টাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।