
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র পক্ষের গোলাগুলিতে তিন যুবক নিহত হয়েছেন।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার লগাং ইউনিয়নের মধু মঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় সম্পর্কে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন পানছড়ির আলীচান কার্বারী পাড়ার রুপায়ন চাকমার ছেলে রিয়েল চাকমা (১৮)। রেসি চাকমা নামে এক স্কুলশিক্ষার্থী নিহত রিয়েল চাকমাকে নিজের ভাই বলে দাবি করেছেন।
নিহত অপর দুজনের নাম পদ্মা চাকমা (১৮) ও ধনা চাকমা (১৮) বলে স্থানীয়ভাবে বলা হলেও, পুলিশ তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মধু মঙ্গল পাড়া এলাকায় গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানা গেছে, জেএসএস (এম) ও ইউপিডিএফের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। নিহতদের একজন পূর্বে জেএসএস-এর সদস্য ছিলেন, যিনি গত ১৯ মে বিজিবি ক্যাম্পে আত্মসমর্পণ করেন এবং পরে ইউপিডিএফে যোগ দেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো পক্ষেরই আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে দুটি মিসফায়ার হওয়া গুলি, ১৪টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং ৪টি বুলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।