
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় টানা বৃষ্টি ও পানির তীব্র স্রোতে পিলটকাটা খালের ওপর নির্মিত শাহজীর পাড়া সেতুটি ধসে পড়েছে।
সোমবার সকালে সেতুটি ভেঙে পড়ায় লেমশীখালী ইউনিয়নের সঙ্গে কৈয়ারবিল ইউনিয়নের মলমচরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছিল এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
বিষয়টি জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন স্থানীয় রফিকুল ইসলাম, সাবের আহমেদ ও মো. রাহাত।
স্থানীয় আরেক বাসিন্দা মো. আব্দু শুক্কুর দ্রুত যাতায়াতের বিকল্প ব্যবস্থা করার দাবি জানান। তা না হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম জানান, দীর্ঘদিন সংস্কার না করায় জরাজীর্ণ সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন একটি সেতু নির্মাণের দাবি জানান।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সেতুটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ছিল এবং সাম্প্রতিক অতিবর্ষণে এটি ভেঙে পড়েছে।
উপজেলা প্রকৌশল বিভাগ থেকে সেতুটি পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে বলে জানান তিনি।