সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ভারী বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কা: বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৭ জুলাই ২০২৬ | ১০:১৩ পূর্বাহ্ন


টানা ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সোমবার রাতে জারি করা ওই বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, পাহাড়ি এই জেলায় অব্যাহত ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়াজনিত সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে জরুরি এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে।

এদিকে প্রবল বর্ষণে জেলার থানচি ও আলীকদম উপজেলায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সোমবার থানচির তিন্দু এলাকায় পাহাড়ি ঢলের স্রোতে একটি নৌকাডুবির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া আলীকদমে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঘরবাড়ি ডুবে গেছে এবং ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এক সতর্কবার্তায় জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে রোববার (৫ জুলাই) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও ওই সতর্কবার্তায় জানানো হয়।