সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জুলাই যোদ্ধারা কথা বলার সুযোগ করে দিয়েছেন: এমপি নুরুল আমিন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ জুলাই ২০২৬ | ৭:২৬ অপরাহ্ন


চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, জুলাইয়ের যোদ্ধারা কথা বলার এবং নতুন দেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছেন। জুলুমের রাজ্য থেকে পাওয়া এই শান্তির দেশকে এগিয়ে নিতে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।

মঙ্গলবার দুপুরে মিরসরাই উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন বলেন, যারা রক্ত, শ্রম ও ত্যাগ দিয়ে জুলাইকে বিজয়ী করেছেন, আজকের এই দিনে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের যে পরিবর্তন এসেছে, তার জন্য তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি আরও বলেন, একটি ভঙ্গুর অবস্থা থেকে দেশকে টেনে তুলছেন বর্তমান প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যে দেশে দৃশ্যমান অনেক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হচ্ছে। এর ধারাবাহিকতায় মিরসরাই উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। সবার সহযোগিতায় ধীরে ধীরে উপজেলার সমস্যাগুলো সমাধান করা হবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ সূত্রধর, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন।

এ ছাড়া উপজেলা বিএনপির নেতা আবদুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম, মিরসরাই থানার ওসি (তদন্ত) আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী ও মো. সাইদুল ইসলাম এবং বিজিবি প্রতিনিধি নন্দীলাল জলদাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।