
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ তিন দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময় দর্শনার্থীদের টিকিট বিক্রিও বন্ধ রাখতে ইজারাদারদের নির্দেশ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক ঢল, পাহাড়ধস এবং ঝরনায় পানির প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তাই জননিরাপত্তার স্বার্থে বন প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনায় পানির স্রোত অনেক বেশি। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ১০ জুলাই পর্যন্ত সেখানে যাওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি বছর বর্ষা মৌসুমেই অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঝরনায় পর্যটকদের প্রাণহানির ঘটনা ঘটে। এ কারণে এবার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বন বিভাগ।