সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দুর্যোগপূর্ণ আবহাওয়া: চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

| প্রকাশিতঃ ৮ জুলাই ২০২৬ | ১২:৪৬ পূর্বাহ্ন


বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাতেই পৃথক দুই আদেশে কেবল চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে তা বাড়িয়ে পুরো চট্টগ্রাম বোর্ডের জন্য প্রযোজ্য করা হয়।

আদেশে জানানো হয়, চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

টানা দুই দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪৩ বছরে জুলাই মাসের এক দিনে সর্বোচ্চ।

ভারী বর্ষণে দেয়াল ও পাহাড়ধসে চট্টগ্রাম নগর, রাঙ্গুনিয়া উপজেলা, রাঙামাটির বাঘাইছড়ি এবং কক্সবাজারে ছয়জনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি-রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বহু এলাকার অভ্যন্তরীণ গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এছাড়া রেললাইনে পানি জমে থাকায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম নগরীর ষোলশহরে আটকে পড়ে।

দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলা। গত দুই দিনের বৃষ্টিতে জেলার উখিয়ার রোহিঙ্গা শিবিরগুলোতে ছোট-বড় ১৯৩টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

কক্সবাজার সদর উপজেলা, টেকনাফ, রামু, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে।