
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাকবলিত কবাখালী এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
বুধবার সকালে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবি টাইগার্স’ দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় জোন অধিনায়ক মো. আল আমিন বলেন, দুর্যোগের এই সময়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর দায়িত্ব। সেনাবাহিনী সবসময় মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
এর আগে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও প্রয়োজনের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।