সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পানিতে তলিয়ে গেল দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎহীন সাজেক

জাকির হোসেন | প্রকাশিতঃ ৮ জুলাই ২০২৬ | ৮:৩৬ অপরাহ্ন


টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) তলিয়ে যাওয়ায় দীঘিনালা উপজেলা ও রাঙামাটির সাজেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে বুধবার বিকেল ৩টা থেকে কর্তৃপক্ষ সাময়িকভাবে এই বিদ্যুৎ উপকেন্দ্রটি বন্ধ করে দেয়। আকস্মিক এই বিদ্যুৎ বিপর্যয়ে ওই অঞ্চলের কয়েক হাজার গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন।

গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দীঘিনালা সাবস্টেশনের ট্রান্সফরমারের চারপাশ প্লাবিত হয়। পানি দ্রুত বাড়তে থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ আলী জানান, পাহাড়ি ঢলের পানিতে উপকেন্দ্রটি তলিয়ে গেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার কথা মাথায় রেখে তারা কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রেখেছেন।

বন্যার পানি নেমে গেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত আবারও বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান এই কর্মকর্তা।