সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার গেজেট প্রকাশ, সদর দপ্তর পশ্চিম ভুজপুরে

সদর দপ্তরের স্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, স্থগিতাদেশ চাওয়ার ঘোষণা একাংশের
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ জুলাই ২০২৬ | ১০:৪৩ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গেজেট অনুযায়ী, উপজেলার সদর দপ্তর হবে ভুজপুর থানার পাশের ভুজপুর মৌজায়।

প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভুজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল— এই ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠিত হয়েছে।

নতুন উপজেলার কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, উপজেলা ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ২৪টি সরকারি দপ্তর স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এসব দপ্তরে ৪০ জন কর্মকর্তা ও ১৯৮ জন কর্মচারীসহ মোট ২৩৮টি পদ সৃজন করা হয়েছে।

সদর দপ্তর পশ্চিম ভুজপুর মৌজায় নির্ধারণ করা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের বাসিন্দা এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও নারায়ণহাট, দাঁতমারা ও পার্শ্ববর্তী এলাকার কিছু সংগঠন শুরু থেকেই আরও যোগাযোগ-সুবিধাসম্পন্ন স্থানে সদর দপ্তর স্থাপনের দাবি জানিয়ে আসছিল।

গেজেট প্রকাশের মাধ্যমে প্রশাসনিক স্বীকৃতি মিললেও এখন দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগ করে দাপ্তরিক কার্যক্রম চালু করাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ফটিকছড়ি উত্তরের বাসিন্দা ও গণঅধিকার পরিষদ নেতা রবিউল হাসান তানজিম জানান, প্রকাশিত গেজেটটির ওপর তারা স্থগিতাদেশ বা ‘স্টে অর্ডার’ চাইবেন। এটি গণশুনানির পরিপন্থি হওয়ায় বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।