সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় বিপজ্জনকভাবে হেলে আছে ট্রান্সফরমারসহ খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ জুলাই ২০২৬ | ১১:১৫ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়া উপজেলায় টানা বৃষ্টি ও বন্যায় মাটি নরম হয়ে ট্রান্সফরমারসহ একটি বৈদ্যুতিক খুঁটি বিপজ্জনকভাবে হেলে পড়েছে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলার ছনহরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাটরা গ্রামে রাস্তার পাশে খুঁটিটি হেলে পড়ার বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলেও গত ২৪ ঘণ্টায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এলাকার মানুষ পানিবন্দি হয়ে আছেন। এর মধ্যে খুঁটিটি হেলে পড়ায় পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড় ধরনের প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইরিনা সুলতানা ক্ষোভ প্রকাশ করে জানান, একাধিকবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। প্রতিবারই শুধু আশ্বাস দেওয়া হয়েছে।

বড় ধরনের বিপদ এড়াতে দ্রুত খুঁটিটি সোজা করা বা প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসী।

এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী নূর মাহমুদকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

তবে প্রতিষ্ঠানটির এজিএম (অর্থ ও রাজস্ব) শেখ মো. মোদ্দাছেরুল হক জানান, নির্দিষ্ট অভিযোগ নম্বরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।