
কলেজ পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেবার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ার প্রত্যয় নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
২০২৬-২০২৮ মেয়াদের এই কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. রানা চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচনী প্রক্রিয়া শেষে ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মো. সাইফ উদ্দীন আজাদ।
কমিটিতে কোষাধ্যক্ষ পদে সহযোগী অধ্যাপক ডা. কামাল হোসেন ও যুগ্ম কোষাধ্যক্ষ পদে সহযোগী অধ্যাপক ডা. চিন্ময় বৈদ্য নির্বাচিত হয়েছেন।
বৈজ্ঞানিক ও প্রকাশনা সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক ডা. শরীফ ইমাম এবং দপ্তর সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক ডা. মো. ইব্রাহিম সোহেল নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা এবং সমাজকল্যাণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ বেলাল উদ্দীন দায়িত্ব পেয়েছেন।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নাজ মাবুদ।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া, অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন, অধ্যাপক ডা. তাহেরা বেগম এবং অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল।
কমিটির অপর দুই সদস্য হলেন— সহযোগী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল আজিম এবং সহকারী অধ্যাপক ডা. শোয়াইবুল করিম।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২৩ জুন ঘোষিত তফসিল অনুযায়ী সব নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
যাচাই-বাছাইয়ে সব মনোনয়নপত্র বৈধ হয়। পরবর্তীতে একজন সদস্য প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় অবশিষ্ট সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. রানা চৌধুরী জানান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে শিক্ষক নেতৃবৃন্দ কলেজ পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবেন।
একই সঙ্গে মেডিকেল কলেজে একটি আধুনিক, ইতিবাচক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেন ডা. রানা চৌধুরী।