সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আহত বন্ধুকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় যুবক নিহত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ জুলাই ২০২৬ | ৭:৩৪ অপরাহ্ন


সড়ক দুর্ঘটনায় আহত এক বন্ধুকে দেখতে ঢাকা যাচ্ছিলেন মাহবুবুল করিম আবরার। কিন্তু পথে নিয়ন্ত্রণ হারানো গাড়ি সড়ক বিভাজক টপকে বিপরীত লেনে চলে গেলে কাভার্ড ভ্যানের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারের ভেতরেই প্রাণ হারান তিনি।

শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ছোটদারোগারহাট এলাকার ভূঁইয়ার বটতলায় বিকেওয়াই জুট মিলের সামনে এই সংঘর্ষ হয়।

নিহত ২৮ বছর বয়সী মাহবুবুল করিম আবরার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাতঘর এলাকার মরহুম আব্দুল জলিলের বড় ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখে দ্রুতগতিতে চলা একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেটি সড়কের বিভাজক অতিক্রম করে বিপরীতমুখী লেনে উঠে যায়।

এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং চালক আবরার ভেতরে আটকা পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই এসফাকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত এক বন্ধুকে দেখতে ঢাকা যাচ্ছিলেন তার ভাই। কিন্তু সেই বন্ধুর কাছে পৌঁছানোর আগেই এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে আনা হচ্ছে বলেও জানান এসফাকুর রহমান।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ নুরুর আবসার জানান, প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে কুমিরা হাইওয়ে থানা পুলিশ যানবাহনগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।