
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের পটিয়ায় পানিবন্দি হয়ে পড়া খেটে খাওয়া মানুষের খাদ্য ও চিকিৎসা সংকট কাটাতে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার হাইদগাঁও ইউনিয়নের গুচ্ছগ্রাম আশ্রয়কেন্দ্রে এই ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। মানবিক সংগঠন হাজী ইদ্রিস মিয়া ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করে।
হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন আশ্রয়কেন্দ্রটি পরিদর্শন করেন এবং দুর্গত পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় হাজী ইদ্রিস মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান তানভীর রহমান আপন সেখানে উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণের সময় মো. হেলাল উদ্দিন জানান, টানা বৃষ্টি ও ঢলের কারণে এলাকার বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
বিশেষ করে হাইদগাঁও গুচ্ছগ্রামের খেটে খাওয়া মানুষ চরম সংকটে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, আশ্রয়কেন্দ্রে থাকা কোনো মানুষ যাতে খাবার ও চিকিৎসার সংকটে না ভোগেন, তা নিশ্চিত করতে তারা কাজ করছেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের নির্দেশে সার্বক্ষণিকভাবে এই কাজ পরিচালিত হচ্ছে।
দুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে চাল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, সয়াবিন তেল, মুড়ি, চিঁড়া, চিনি, লবণ ও বিস্কুট দেওয়া হয়।
পাশাপাশি শিশুদের জন্য গুঁড়ো দুধ, গ্লুকোজ, প্যারাসিটামল, অ্যান্টাসিড, ওরাল স্যালাইন, মোমবাতি ও দেশলাই বিতরণ করা হয়েছে।