সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় ক্ষতিগ্রস্ত শত পরিবার পেল যুব ফোরামের খাদ্যসামগ্রী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ জুলাই ২০২৬ | ১১:০০ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী আদর্শ গ্রামে পাহাড়ধসে নিহত এক নারীর পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়া যুব ফোরাম।

শনিবার বিকেলে সংগঠনটির একটি প্রতিনিধিদল নিহত ওই নারীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে।

এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

আর্থিক সহায়তার পাশাপাশি ইছাখালী আদর্শ গ্রাম ও আশপাশের এলাকায় টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

প্রায় একশটি ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মধ্যে চাল, ডালসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা ডা. এ টি এম রেজাউল করিম।

এছাড়াও সংগঠনের সভাপতি মো. সরোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বাবু সেখানে উপস্থিত ছিলেন।

পাশাপাশি সাংগঠনিক সম্পাদক আকবর আলীসহ রাঙ্গুনিয়া যুব ফোরামের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেন।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে পাহাড়ধসে নিহত নারীর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

একই সঙ্গে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা, সুস্থতা ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করা হয়।