
যেখানে মানুষের কষ্ট, সেখানেই নিজের দায়বদ্ধতা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে তিনি শুধু দায়িত্ব নয়, নৈতিক অঙ্গীকার বলে উল্লেখ করেছেন।
শনিবার বিকেল ৫টায় নগরের ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের হোসেন পুকুরপাড় এলাকায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
সাঈদ আল নোমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিত চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন।
তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে এসে ত্রাণ বিতরণসহ দুর্যোগ মোকাবিলার কার্যক্রম সমন্বয় করছেন।
দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব উল্লেখ করে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব বলে তিনি মনে করেন।
জলাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এই সংসদ সদস্য।
পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।