
টানা বৃষ্টিতে রেলপথ পানিতে তলিয়ে যাওয়ায় পাঁচ দিন ধরে চট্টগ্রামের জানালিহাট স্টেশনে আটকে ছিল কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন।
অবশেষে আজ রোববার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনের উদ্দেশে ট্রেনটি ছেড়ে গেছে।
জানালিহাট স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার ষোলশহর ও জানালিহাট স্টেশনের মধ্যবর্তী একাধিক স্থানে পানি উঠে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ কারণে কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি জানালিহাটে আটকে পড়েছিল।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সেটি জানালিহাট স্টেশন থেকে চট্টগ্রাম স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।
মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে গত ৪ জুলাই ভারী বর্ষণ শুরু হয়।
টানা বৃষ্টির কারণে মঙ্গলবার নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেলপথ পানিতে ডুবে যায়।
সে সময় রেলপথটি দেড় থেকে দুই ফুট পর্যন্ত তলিয়ে যায়।
সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে পানি নামলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত শমসেরপাড়ায় পানি জমে ছিল।
রেল কর্মকর্তারা জানান, রেলপথে পানি ওঠার কারণে মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এই রেলপথ দিয়ে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে।
এর মধ্যে চট্টগ্রাম থেকে দুই জোড়া এবং ঢাকা থেকে দুই জোড়া ট্রেন চলাচল করে।
এতে প্রতিদিন আট থেকে নয় হাজার যাত্রী যাতায়াত করেন।