
টানা সাত দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ।
রোববার সকালে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান সরেজমিনে দুর্গত এলাকা পরিদর্শন করে এই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।
তিনি চকরিয়ার কৈয়ারবিল ও বরইতলী এবং পেকুয়া উপজেলার টৈইটং ও সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জেলা পুলিশের ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান পানিবন্দি পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ পৌঁছানোর জন্য জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ত্রাণ বিতরণকালে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীর এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ।
এ সময় চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান এবং পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান সেখানে উপস্থিত ছিলেন।
এছাড়া বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এবং বিএনপি নেতা শাহীন মুরাদ কার্যক্রমে অংশ নেন।
পাশাপাশি বরইতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈনুল আমিন ইমু ও স্থানীয় সুধীজন ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন।