
শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে আখ্যা দেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন তারা।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি পটিয়া পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে পোস্ট অফিস মোড় এলাকায় এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।
মিছিল চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন শিক্ষামন্ত্রী হয়ে তিনি শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে আখ্যা দিয়েছেন।
শিক্ষামন্ত্রীর এমন মন্তব্য অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক বলে তারা উল্লেখ করেন।
তাই অবিলম্বে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষার্থী রিহান চৌধুরী, রবিউল হাসান এবং জাহিদুল করিম।
এছাড়া মো. আফনান, মুবাসসের, আবরার আল আয়াশ ও শাফায়েত শাফিনসহ অন্যান্য সাধারণ ছাত্ররা এই কর্মসূচিতে অংশ নেন।