
মানুষকে দেওয়ার মাধ্যমে শান্তি পাওয়া যায় এবং আত্মা বিশুদ্ধ হয় বলে মন্তব্য করেছেন স্মার্ট গ্রুপের পরিচালক আজিজুর রহমান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
সকাল ১০টায় নাপোড়া স্মার্ট কনভেনশন হলে ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারের মাঝে এই খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্মার্ট গ্রুপের পরিচালক আজিজুর রহমান জানান, পুঁইছড়ি ইউনিয়নের তিন হাজার পরিবারের মাঝে ২০ কেজি করে প্রায় ৬০ টন চাল বিতরণ করা হয়েছে।
পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত বাকি ইউনিয়নগুলোতেও এই ত্রাণ বিতরণ করা হবে এবং যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, তাদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন।
মাস্টার নজির আহমদ ট্রাস্ট সূত্র জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে ৫ জুলাই শুরু হওয়া ভারী বর্ষণে দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ বন্যাকবলিত হয়।
৬ জুলাই থেকে বাহারছড়া, শেখেরখীল, পুঁইছড়ি, খানখানাবাদ, গণ্ডামারা, কাথরিয়া, বৈলছড়ি ও ছনুয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়।
কোথাও কোথাও ৮০ শতাংশ এলাকা প্লাবিত হওয়ায় এসব ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কয়েক ধাপে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয় ট্রাস্ট।
এরই ধারাবাহিকতায় আজ পুঁইছড়ি ও শেখেরখীল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়।
ত্রাণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বৃদ্ধ আলী আহমদ বলেন, এই পরিবার সবসময় মানুষের বিপদাপদে পাশে থাকে।
ক্রান্তিলগ্নে পাশে দাঁড়ানোর জন্য তিনি মাস্টার নজির আহমদ সাহেবের পরিবারকে ধন্যবাদ জানান।
দিপালী শীল নামের এক গৃহবধূ বলেন, বাঁশখালীর মানুষের দুর্যোগ-দুর্বিপাকে মাস্টার নজির আহমদ ট্রাস্ট সবসময় এগিয়ে এসেছে।
পাহাড়ি ঢলে নিজের ঘর ভেঙে যাওয়ার কথা উল্লেখ করে তিনি ত্রাণ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ট্রাস্টের মঙ্গল কামনা করেন।