সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সংবাদপত্রের হকারদের উপহার দিল পিআরইউ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ জুলাই ২০২৬ | ১১:৪২ অপরাহ্ন


জুলাই শহীদ দিবস উপলক্ষে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)-এর উদ্যোগে সংবাদপত্রের হকারদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পিআরইউ’র অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সম্মাননীয় সম্পাদক প্রকৌশলী খাঁন মোহাম্মদ আমিনুর রহমান সুমন।

পিআরইউ সদস্য সচিব ইমরান এমি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার্স রিক্রেশন সেন্টারের সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

অতিথিরা বলেন, পেশাজীবী ও সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমাজের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী দিনগুলোতে চট্টগ্রামের উন্নয়ন ও পেশাগত স্বার্থ রক্ষায় দুই সংগঠন একযোগে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে পিআরইউ আহ্বায়ক হাসান মুকুল বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারকে সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। সাংবাদিক সমাজ সবসময় মানুষের কথা বলে ও মানুষের পাশে থাকে এবং ভবিষ্যতেও তারা এই মানবিক দায়িত্ব পালন করে যাবে। তিনি সংবাদপত্রের হকারদের সাংবাদিক পরিবারের অংশ হিসেবে উল্লেখ করে যেকোনো সংকটে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, পিআরইউ আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক শেয়ার বীজ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, ঢাকা জার্নালের ব্যুরো প্রধান রাবিব উদ্দিন, সাংবাদিক মনজুর মোরশেদ রনি ও জহিরুল ইসলাম জহির।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব জসিম উদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন খান, আবু তাহের, কাজী সাকলায়েন মোস্তফা, ও মো. সরোয়ার প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিদের হাতে পিআরইউ সদস্য জহিরুল ইসলাম জহিরের লেখা ‘অনন্য রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক বইটি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।