সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বন্যার ধকল ও দুর্ভোগ এড়াতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা স্থগিত

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৭ জুলাই ২০২৬ | ৫:১৮ পূর্বাহ্ন


সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনায় নিয়ে চট্টগ্রামে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে এসব পরীক্ষা স্থগিত থাকবে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি আরও দুটি বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এর মধ্যে রয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা।

ফলে এই অঞ্চলে আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকবে।

তবে দেশের অন্যান্য অঞ্চলে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।