সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কক্সবাজার সৈকতে টর্নেডোয় আতঙ্ক, ক্ষতিগ্রস্ত শতাধিক চেয়ার-ছাতা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৭ জুলাই ২০২৬ | ৮:০৬ অপরাহ্ন


কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে আকস্মিক আঘাত হানা একটি টর্নেডোর কারণে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে সাগরের দিক থেকে ঘূর্ণায়মান বাতাস সৈকতের বালুচরের দিকে ধেয়ে আসে।

প্রায় তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী এই টর্নেডোর তীব্রতায় সৈকতে অবস্থানরত পর্যটকেরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, টর্নেডোর আঘাতে পর্যটকদের ব্যবহারের জন্য সৈকতে রাখা ৫২টি কাঠের চেয়ার এবং ৬১টি ছাতা ভেঙে চুরমার হয়ে গেছে।

আকস্মিক এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টর্নেডোর তাণ্ডব অল্প সময় স্থায়ী হলেও এর গতি ছিল বেশ প্রবল।

এ সময় সৈকতে রাখা চেয়ার, ছাতা ও বিভিন্ন হালকা সামগ্রী বাতাসে উড়তে থাকে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পর্যটকেরা ধীরে ধীরে আবার সৈকতে ফিরে আসেন এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত চেয়ার ও ছাতা সরিয়ে সৈকতের পরিবেশ স্বাভাবিক করার কাজ শুরু করেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, সাগরপারে দেখা ঘূর্ণি বাতাসটি একটি দুর্বল প্রকৃতির টর্নেডো।

তিনি সতর্ক করে বলেন, এই ধরনের টর্নেডো অত্যন্ত ধ্বংসাত্মক হতে পারে।

আবহাওয়া অফিসের মতে, এর কবলে পড়লে মৃত্যুঝুঁকি থাকে এবং টর্নেডো সব কিছু দুমড়ে-মুচড়ে উপরে তুলে ফেলতে সক্ষম।