সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে মোটরসাইকেলের ধাক্কায় কাপড় ব্যবসায়ী নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ জুলাই ২০২৬ | ১১:১৯ অপরাহ্ন


হাটহাজারীতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত মোহাম্মদ আব্দুল্লাহ (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ২টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া নয়াহাট বাজার এলাকার মৃত আমিনুল হকের পুত্র। তিনি পেশায় চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের প্রতিবেশী চারিয়া নয়াহাট এলাকার বাসিন্দা আব্দুল মুবিন ইকবাল জানান, দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক আব্দুল্লাহ একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বোর্ড স্কুল এলাকায় দুর্ঘটনার শিকার হন।

একটি বেপরোয়া গতির মোটরসাইকেল পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

একইদিন রাত নয়টার দিকে চারিয়া সিকদার পাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।