
কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের নিয়ে পুরোনো বিরোধের জেরে দিনদুপুরে রমিজ উদ্দিন নামে এক মুদি দোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, জুমার নামাজ পড়ার জন্য দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন রমিজ উদ্দিন।
পথিমধ্যে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
আহত রমিজ উদ্দিনের পরিবারের অভিযোগ, চিংড়ি ঘেরের পূর্ব বিরোধের জেরে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে লালটু এবং ওলা মিয়ার ছেলে বাবু প্রকাশ্যে এই হামলা চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রমিজ উদ্দিনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন।
তবে অভিযুক্ত বাবুর বাবা ওলা মিয়া মুঠোফোনে ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি দাবি করেন, তাঁর ছেলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং এই ঘটনায় তাঁর ছেলে কোনোভাবেই জড়িত নন।
ঘটনার বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, পুলিশ এই হামলার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।