সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় মাদক সেবনের দায়ে চারজনের ১৫ মাসের কারাদণ্ড

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ জুলাই ২০২৬ | ১:০০ অপরাহ্ন


সমাজে মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়ায় চারজনকে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সাতকানিয়া পৌরসভার সামিয়ার পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে আদালত সূত্রে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. মুনা (১৯), মো. কামাল (৫৫), মো. মিজানুর রহমান (২০) ও মো. সাকিবকে এই কারাদণ্ড দেওয়া হয়।

বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, মাদক সেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।

সমাজে মাদকের বিস্তার রোধে জনস্বার্থে ভবিষ্যতেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।