
মানুষের কষ্টে বিএনপি সবসময় পাশে থাকে এবং এবার কেউ সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
শনিবার (১৮ জুলাই) দুপুরে পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
উপজেলা বিএনপি নেতা ও ব্যবসায়ী ইসমাইল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে সরকার বদ্ধপরিকর।
ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে স্বচ্ছতা নিশ্চিত করে পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও অন্যান্য অবকাঠামো পুনর্গঠনের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার বাইরে রাখা হবে না।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম এবং সাবেক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান ও বিএনপি নেতা সাইফুদ্দীন আহমদ অংশ নেন।
অনুষ্ঠানে শফিকুল আলম, মঈনুল আলম ছোটন, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, মুজিবুর রহমান, শফিকুল ইসলাম এবং ইউসুফ রশিদী বেলাল উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. নয়নও এ সময় উপস্থিত ছিলেন।
পরে এমপি এনামুল হক এনাম শোভনদণ্ডী ইউনিয়নের কালিয়াইশ, হিলচিয়া, হাওয়াখানা ও আরাফা করিম স্কুল প্রাঙ্গণে রান্না করা খাবার বিতরণ করেন।
মরহুম আলহাজ আহমদ শফি সওদাগরের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ জেলা বিএনপি নেতা মোরশেদ শফি হিরু এবং আলহাজ মাহফুজুর রহমান ফাউন্ডেশনের পক্ষে মাহফুজুর রহমানের যৌথ ব্যবস্থাপনায় এই খাবার বিতরণ করা হয়।