
শেয়ারের নামে কোটি কোটি টাকা নিয়েও যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধন সম্পন্ন না করার অভিযোগ উঠেছে সাতকানিয়ার কেরানীহাটের আল হায়াত হাসপাতাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে।
হাসপাতালটির একদল বঞ্চিত পরিচালক নিজেদের শেয়ার নিবন্ধন, গত ১৭ মাসের আর্থিক হিসাব প্রকাশ এবং পরিচালনা কমিটির বিরুদ্ধে তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় কেরানীহাটের সি ওয়ার্ল্ড কনভেনশন হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বঞ্চিত ডাইরেক্টর পরিষদের আহ্বায়ক মো. আরাফাত হোসাইন ফরহাদ সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, শেয়ারের নামে পরিচালকদের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হলেও ১৭ মাস পেরিয়ে গেলেও কোনো শেয়ার সনদ দেওয়া হয়নি। এছাড়া পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে কোনো আর্থিক হিসাবও উপস্থাপন করা হয়নি।
মো. আরাফাত হোসাইন ফরহাদ দাবি করেন, হাসপাতালের আর্থিক হিসাব চাইলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাতকানিয়া উপজেলা প্রশাসনের তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) শুনানির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু হাসপাতালের বর্তমান নির্বাহী কমিটির কয়েকজন সদস্য ইচ্ছাকৃতভাবে সেই শুনানিতে উপস্থিত হননি।
বঞ্চিত পরিচালকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বঞ্চিত পরিচালকরা চার দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ৩৬ জন পরিচালকের নামে আরজেএসসি নিবন্ধন সম্পন্ন করে শেয়ার বুঝিয়ে দেওয়া এবং গত ১৭ মাসের আর্থিক হিসাব প্রকাশ ও নিরীক্ষা করা।
একই সঙ্গে সরকারি নির্দেশ অমান্যের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের সব অনিয়ম তদন্তের দাবি জানানো হয়েছে।
দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৮ জুলাই বিকেল ৫টায় আল হায়াত হাসপাতালের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
আইনের মাধ্যমেই তারা ন্যায়বিচার চান উল্লেখ করে বিনিয়োগ করা অর্থের সুষ্ঠু হিসাব ও আইনগত অধিকার নিশ্চিত করার দাবি জানান বঞ্চিত পরিচালকরা।
সংবাদ সম্মেলনে আহ্বায়কের পাশাপাশি বঞ্চিত পরিচালক আরমান হোসাইন, জামাল উদ্দিন, শেখ আহমদ, শাহ আলম, আবদুল গফুর ও কায়সার হামিদ উপস্থিত ছিলেন।