সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় অনিয়ম ও লুটপাট বরদাশত করা হবে না: এমপি এনাম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ জুলাই ২০২৬ | ৯:১২ অপরাহ্ন


বর্তমান সরকারের আমলে কোনো ধরনের অন্যায়-অবিচার ও লুটপাট সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, বিগত সরকারের মতো উন্নয়নের বরাদ্দ লুটপাটের সুযোগ আর নেই। প্রতিটি পাই-পয়সা জনগণের কল্যাণে ব্যয় করা হবে।

রবিবার (১৯ জুলাই) বিকেলে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী কাউসার হোসেনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি এনামুল হক এনাম দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের ভাগীদার হওয়ার কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, জনগণ যে আশা নিয়ে ভোট দিয়েছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।

এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও বন্যাকবলিত মানুষের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এছাড়া পটিয়ায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে মসজিদ ও মন্দিরের জন্য ১৮০টি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।

বিএনপি নেতা কাউসার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেকান্দর হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোরশেদুল শফি হিরু, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মীর জাকির আহমেদ এবং পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহাবুবুল আলম, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দীন, কোলাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফরিদুল আলম সওদাগর, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম. নাছির উদ্দীন, কোলাগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আবু বক্কর মেম্বার, নুরুল ইসলাম বাডালা, মিজানুর রহমান, জামাল উদ্দিন, মো. সেকান্দর হোসেন নয়ন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস. এম হোসেন নয়ন, পটিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. পারভেজ এবং পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হোসেন খানসহ স্থানীয় নেতারা।

সমাবেশ শেষে ৪০০ জন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।