সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দীঘিনালায় সেনাবাহিনীর ২৬ হাজার চারা বিতরণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ জুলাই ২০২৬ | ৯:১৪ অপরাহ্ন


পরিবেশবান্ধব ও সবুজ উপজেলা গড়ে তোলার পাশাপাশি আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ করতে খাগড়াছড়ির দীঘিনালায় ২৬ হাজার চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

‘পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে দীঘিনালা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে স্থানীয় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মানুষের মাঝে এসব ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।

০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবি টাইগার্স’ দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ (পিএসসি)।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে জনগণকে উৎসাহিত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

চারা বিতরণকালে মেজর শিহাবুন সাকিব রুশাদ বলেন, একটি গাছ শুধু পরিবেশকেই সবুজ করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎকেও নিরাপদ করে।

তিনি আরও বলেন, প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তবে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে দীঘিনালা জোনের ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী উপস্থিত ছিলেন।

এছাড়া কবাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা এবং বোয়ালখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমাসহ অন্যান্য সেনা সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

এদিকে বিনামূল্যে চারা পেয়ে সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় উপকারভোগীরা।

তারা জানান, পরিবেশবান্ধব এই কার্যক্রম এলাকার মানুষের মাঝে বৃক্ষরোপণের আগ্রহ আরও বাড়াবে এবং সবুজায়ন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।