
চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুলে যাওয়ার পথে সিএনজি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ছিনতাইকারীরা তার চোখে মলম লাগিয়ে গলার স্বর্ণের হার, কানের দুল, হাতের আঙুলের আংটি ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জোবেদা খানম উপজেলার মিঠাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
জোবেদা খানম জানান, প্রতিদিনের মতো সকালে স্কুলে যাওয়ার জন্য তিনি মিরসরাই সদরের অছি মিয়া ব্রিজ এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। তখন গাড়ির সামনে দুইজন এবং পেছনে দুইজন যাত্রী ছিলেন। কিছুদূর যাওয়ার পর যাত্রীবেশী ছিনতাইকারীরা তার চোখে মলম লাগিয়ে দেয়।
তিনি আরও জানান, এরপর ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোন, গলার স্বর্ণের হার, কানের দুল এবং হাতের আঙুলের আংটি ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মস্তাননগর বিশ্বরোড এলাকায় নামিয়ে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। জোবেদা খানম জানান, পরিবারের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।