সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে চা-দোকানকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ জুলাই ২০২৬ | ২:৫৫ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি ভাড়া বাসা থেকে রিপন ত্রিপুরা (২৪) নামে এক চা-দোকানকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুরের দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ মাহবুব মাস্টারের বাড়ি থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিপন ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার উত্তর গাড়িটানা গ্রামের প্রভা ত্রিপুরার ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন ত্রিপুরার বাড়ি মানিকছড়ি এলাকায় হলেও তিনি হাটহাজারীর মনিয়াপুকুর পাড় এলাকার একটি চায়ের দোকানে কাজ করতেন।

চাকরির সুবাদে তিনি দীর্ঘদিন ধরে ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ মাহবুব মাস্টারের বাড়ির হাবিবুর রশিদের ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

প্রতিদিনের মতো রবিবার রাতেও কাজ শেষে তিনি বাসায় ফেরেন।

সোমবার সকালের দিকে বাসার মালিক হাবিবুর রশিদ ভাড়ার জন্য তাকে ডাকতে যান।

ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রিপন ত্রিপুরাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

পরে খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন মডেল থানার উপপরিদর্শক উত্তম কুমার।

তিনি জানান, লাশটি থানা হেফাজতে আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ধলই ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য শফিউল আজম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।