
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শুধু ত্রাণ নিয়ে দাঁড়ালেই হবে না, তাদের ঘরবাড়ি, কৃষি ও জীবিকা পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সোমবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে বিশেষ বরাদ্দের চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য।
তিনি বলেন, বন্যায় সাতকানিয়ার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের ঘরবাড়ি নষ্ট হয়েছে, কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
বন্যার পানি কমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ত্রাণ বিতরণের পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা এখন অত্যন্ত জরুরি।
ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সর্বাত্মকভাবে কাজ করার কথা জানিয়ে তিনি আরও বলেন, কোনো অসহায় মানুষ যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চাল বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক এবং সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক উপস্থিত ছিলেন।
এছাড়া সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ বেলাল উদ্দিন এবং চট্টগ্রাম তামাকুণ্ডি লেন বণিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ সাদেক হোসাইন সেখানে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ডের সেক্রেটারি রিদওয়ানুল হক এবং ইউপি সদস্য আব্দুল মান্নান, মাহফুজুর রহমান, আব্দুস সবুর ও নাসির উদ্দিন।
চাল বিতরণের পর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী টংকাবতী খালের বিভিন্ন ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ড, বারদোনা ৬নং ও ৮নং ওয়ার্ড এবং গারাংগিয়া ভাঙা ব্রিজ এলাকার ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি ভাঙনের কারণে সৃষ্ট দুর্ভোগের খোঁজখবর নেন এবং দ্রুত টেকসই বাঁধ নির্মাণসহ ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।