সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে পরিবেশ দূষণ: ত্রিবেণী কমিউনিটি সেন্টারকে জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬ | ১২:৪৩ পূর্বাহ্ন


বর্জ্য অব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে হাটহাজারীতে একটি কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ত্রিবেণী কমিউনিটি সেন্টারে এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান।

অভিযান সূত্রে জানা যায়, পৌরসভার ত্রিবেণী কমিউনিটি সেন্টারের নির্গত বর্জ্যের দুর্গন্ধে আশপাশের পরিবেশের স্বাভাবিক মান বিঘ্নিত হচ্ছিল।

এতে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্টরা জানান, ওই প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট থাকলেও সেটি পরিকল্পিত ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছিল না।

নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ না করায় তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয় বলে অভিযানে উঠে আসে।

বর্জ্য ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে দৃশ্যমান ঘাটতি থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এই অর্থদণ্ড প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়েছে।

একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট যথাযথভাবে সংস্কারের জন্য কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান মঙ্গলবার বিকেলে জানান, জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।