
চট্টগ্রামের ফটিকছড়িতে বেহাল ও ভাঙা সড়কের গর্তে পা পিছলে চলন্ত জিপের নিচে চাপা পড়ে এক সাবেক ফুটবলারের মৃত্যু হয়েছে।
নিহত মঈন উদ্দিন বাবু (৫৮) উত্তর চট্টগ্রামের ৮০-৯০ দশকের খ্যাতিমান গোলরক্ষক ছিলেন।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার আদর্শ স্কুলসংলগ্ন নাজিরহাট বাজার-মেডিকেল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে এটি হাসপাতাল সড়ক নামেও পরিচিত।
মঈন উদ্দিন বাবু নাজিরহাট পৌরসভার দায়েম মিয়াজির বাড়ির মরহুম গরম সাহেবের ছেলে। তিনি স্থানীয় নাজিরহাট রিজেন্সি ক্লাবের একজন সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার আগে মঈন উদ্দিন সড়কের পাশে দাঁড়িয়ে একটি জিপচালকের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় ভাঙা সড়কের একটি গভীর গর্তে অসাবধানতাবশত তার পা পিছলে যায়।
তিনি ভারসাম্য হারিয়ে চলন্ত জিপের পাশে পড়ে গেলে গাড়িটির পেছনের চাকার নিচে পিষ্ট হন।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও স্থানীয় বাসিন্দারা এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
তারা আক্ষেপ করে বলেন, যিনি একসময় মাঠে অসংখ্য গোল ঠেকিয়ে দলকে রক্ষা করেছেন, তার জীবন শেষ হলো একটি অবহেলিত ও ঝুঁকিপূর্ণ সড়কের কারণে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বড় গর্ত সৃষ্টি হলেও তা সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবারের সদস্যরা ইতোমধ্যে মরদেহ গ্রহণ করেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।