সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় জুয়া খেলার প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ জুলাই ২০২৬ | ৯:২৩ পূর্বাহ্ন


জুয়া খেলার প্রতিবাদ করায় চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসী যুবককে মারধর ও তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনসা গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ওই প্রবাসীর নাম এমদাদুল হক ফায়রাজ (২৭)। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

এ ঘটনায় পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর বড় ভাই এনামুল হক।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পূর্বশত্রুতার জেরে প্রবাসী এমদাদুল হক ফায়রাজের সঙ্গে প্রতিবেশী সাইফু ও রহমানের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সাইফু ও রহমান মিলে ফায়রাজকে মারধর করেন।

এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এই ঘটনার কিছুক্ষণ পর মঙ্গলবার রাতে অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে ফায়রাজের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির গেট ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

প্রবাসী এমদাদুল হক ফায়রাজ জানান, সাইফু নিয়মিত জুয়া খেলে। মূলত এর প্রতিবাদ করায় তাঁর ওপর এই হামলা করা হয়েছে।

তারা শুধু মারধর করেই থেমে থাকেনি, বাড়িতেও হামলা চালিয়েছে বলে তিনি জানান। ঘটনার ছবি ও ভিডিও তাঁর কাছে সংরক্ষিত আছে বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও নম্বরটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, দুই পক্ষেরই লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।