সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহায়তা অব্যাহত থাকবে: শাহজাহান চৌধুরী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ জুলাই ২০২৬ | ৬:০২ অপরাহ্ন


পুনর্বাসন না হওয়া পর্যন্ত কোনো বন্যার্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না বলে জানিয়েছেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ হিসেবে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং সেক্রেটারি আবুল বশর।

এছাড়া ইউপি সদস্য মোহাম্মদ আলী, মোজাম্মেল হক, নূর মোহাম্মদ, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ শহীদুল্লাহ, সংরক্ষিত মহিলা সদস্য রুজিনা আক্তার এবং মিজানুর রহমানসহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন আলহাজ্ব শাহজাহান চৌধুরী উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝেও সরকারি বরাদ্দের চাল বিতরণ করেন।

চাল বিতরণের পাশাপাশি নলুয়া ও ঢেমশা ইউনিয়নের ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি প্রতিটি এলাকাকে মাদকমুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এর আগে বুধবার বিকেলে সাতকানিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত হিফজখানা, এতিমখানা ও আশ্রম কর্তৃপক্ষের কাছে চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই চাল বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান চৌধুরী।