
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে গভীর রাতে বন্য হাতির তাণ্ডবে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির বসতঘর বিধ্বস্ত হয়েছে।
তবে ভাগ্যক্রমে ওই পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে চুনতি ইউনিয়নের ফারেঙ্গা আইম্মাডাফা এলাকায় এই হাতির হামলার ঘটনা ঘটে।
পাহাড়ি বনাঞ্চল থেকে লোকালয়ে প্রবেশ করা একটি বন্য হাতির পাল জাহাঙ্গীর আলমের বাড়িতে ঢুকে পড়ে।
হাতিগুলো তাঁর মাটির ঘর, দেয়াল ও ঘরের বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে।
ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম জানান, গভীর রাতে বিকট শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে তাকিয়ে তারা কয়েকটি বন্য হাতিকে ঘর ভাঙতে দেখেন।
প্রাণ বাঁচাতে তারা দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন বলে জানান।
পরে স্থানীয়দের চিৎকারে হাতির পাল কিছুক্ষণ পর পাশের বনের দিকে চলে যায়।
স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানু জানান, ঘটনার খবর পেয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।
একই সঙ্গে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন এই জনপ্রতিনিধি।
জানে আলম জানু আরও জানান, এলাকায় প্রায়ই বন্য হাতি লোকালয়ে নেমে আসে। তাই স্থানীয়দের প্রতিনিয়ত জানমাল নিয়ে আতঙ্কে থাকতে হয়।
স্থায়ীভাবে হাতির উপদ্রব রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান জানান, লোকালয়ে হাতির বিচরণের বিষয়টি তারা গুরুত্বসহকারে দেখছেন।
স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি হাতি তাড়াতে বন বিভাগের একটি টিম কাজ করছে বলে তিনি জানান।
তবে যেহেতু বন বিভাগের জায়গায় ঘরটি গড়ে উঠেছে, তাই ক্ষয়ক্ষতির বিষয়টি বিধিবিধান অনুযায়ী খতিয়ে দেখা হবে বলেও মন্তব্য করেন রিয়াদুর রহমান।