সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে ব্যক্তিগত অর্থায়নে ৩০ বছর পর সড়ক সংস্কার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ জুলাই ২০২৬ | ৬:২২ অপরাহ্ন


দীর্ঘ ৩০ বছর পর চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি কাঁচা সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যক্তিগত অর্থায়নে শুরু হওয়া এই নির্মাণকাজের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন হাজারো মানুষ।

হাজী সাহেব মিয়া বাড়ি এলাকার ৩০০ ফুট দৈর্ঘ্যের এই সড়কটিতে দীর্ঘদিন গাড়ি চলাচল করতে পারত না। বর্ষা মৌসুমে কাদা ও পানিতে পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়ত।

এতে ওই এলাকার বিদ্যালয়গামী শিক্ষার্থী, প্রান্তিক কৃষক এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

এমন পরিস্থিতিতে দুর্ভোগ লাঘবে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সড়কটি সংস্কারের নির্দেশ দেন।

তাঁর নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ আলী সুমন নিজস্ব অর্থায়নে সড়কটিতে সলিংয়ের কাজ শুরু করেন।

দীর্ঘদিন অবহেলিত থাকার পর সড়কটিতে সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।

স্থানীয় অধিবাসীরা জানান, সড়কটি কাঁচা থাকায় বয়োবৃদ্ধ ও শিক্ষার্থীদের যাতায়াতে বহু কষ্ট হতো।

এখন সড়কটি সলিং হওয়ায় পুরো এলাকার দৃশ্যপট বদলে যাবে এবং সব পেশার মানুষ এর সুফল পাবেন।

সড়কটির সলিং নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ কমিটির অর্থ সম্পাদক আবুল মনছুর এবং সমাজসেবক আলমগীর হোসেন।

অনুষ্ঠানে উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, ইসহাক মিয়া এবং মো. জাহেদ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশ নেন মমতাজ, আসিফ, ইয়াছিন উদ্দিন মাসুদ, রিপন এবং ইয়াকুব উদ্দিন আরিফ।

দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় এলাকাবাসী অর্থায়নকারী ও সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।