
চট্টগ্রামের পটিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) ভোরে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মোহাম্মদ আসিফ। তিনি ওই এলাকার আবু তাহেরের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসিফকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মু. মনির হোসেন জানান, ২০২৪ সালের ২৯ আগস্ট চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ভিকটিমের পিতা নুর মোহাম্মদ এই মামলাটি দায়ের করেন।
অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা ওই ফৌজদারি মামলাটি তদন্তের জন্য আদালত পুলিশের বিশেষায়িত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছিলেন।
পরবর্তীতে ২০২৫ সালের ৩০ নভেম্বর পিবিআই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়।
প্রতিবেদন পাওয়ার পর আদালত প্রধান আসামি মোহাম্মদ আসিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং তখন থেকেই তিনি পলাতক ছিলেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আসিফকে গ্রেপ্তারের পর শুক্রবার যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।