
চট্টগ্রামের পটিয়ায় দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) উপজেলাটির কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া পাহাড়ে এই যৌথ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পটিয়া থানা পুলিশ দিনভর এই অভিযান পরিচালনা করে।
বিকেল ৪টার দিকে অস্ত্রসহ ওই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তার দুজনের বাড়ি কেলিশহর ইউনিয়নে বলে জানা গেছে।
এর মধ্যে একজনের নাম দেলোয়ার। তবে তাৎক্ষণিকভাবে অপরজনের নাম জানা যায়নি।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম ওই পাহাড়ে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তারদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এ বিষয়ে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।