
কক্সবাজারের চকরিয়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুতের ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী অলিঁশাবাজার বা ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত সাংবাদিক মো. রিদুয়ানুল হক (৩৯) ‘দৈনিক আজকের দর্পণ’ পত্রিকার চকরিয়া উপজেলা প্রতিনিধি।
তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির অনুমোদিত ডিলার মো. আব্দুল খালেক খোকন (৩৫) সরকারি গুদামের ১০ টাকা কেজি মূল্যের চাল নিজ দোকানে রাখেননি।
এর পরিবর্তে তিনি গোপনে অলিঁশাবাজারের একটি সেলুনে ওই চাল অবৈধভাবে মজুত করে আসছিলেন।
বিষয়টি জানতে পেরে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক রিদুয়ানুল হক ওই সেলুনে রাখা চালের বস্তার ভিডিও ধারণ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে চাল চুরির সংবাদ প্রকাশের আশঙ্কায় ডিলার খোকন দীর্ঘদিন ধরে ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
এরই জেরে শুক্রবার বিকেলে অলিঁশাবাজারে রিদুয়ানুলকে একা পেয়ে তাঁর ওপর চড়াও হন ডিলার খোকন।
ভিডিও করার কারণ জানতে চেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে রিদুয়ানুল এর প্রতিবাদ জানান।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কোমর থেকে ধারালো ছুরি বের করে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক রিদুয়ানুলের বাঁ চোখের ওপর কোপ মারেন খোকন।
রিদুয়ানুল প্রাণরক্ষার চেষ্টা করলে খোকন ইট দিয়ে তাঁর মুখের বাঁ পাশসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে জখম করেন।
পরে রিদুয়ানুলের চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
এরপর তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।