
অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চট্টগ্রামের পটিয়ায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এই অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বেলা ১২টায় চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম অভিযানের বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।
পুলিশ সুপার মাসুদ আলম জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই শুক্রবার দুপুরে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনের বাড়ি কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।
পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খিল্লাপাড়া এলাকায় মো. দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালানো হয়।
সেখান থেকে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দা, একটি লোহা কাটার যন্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগানে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, অস্ত্র আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত মো. দেলোয়ার হোসেন ও মো. মহসিনকে শনিবার আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।
তাঁদের সঙ্গে অন্য কোনো সন্ত্রাসী জড়িত আছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি গ্রেপ্তারকৃতদের রিমান্ডে আনার আবেদন করা হবে বলেও ওসি জিয়াউল হক নিশ্চিত করেন।