সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফটিকছড়িতে চলন্ত বাসে চবি ছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬ | ৩:৪৩ অপরাহ্ন


চলন্ত বাসে একবার হয়রানির প্রতিবাদে নামিয়ে দেওয়ার পর পুনরায় বাসে উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. জসিম (৩৫)। তিনি ফটিকছড়ি উত্তর উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মাইঝপাড়া এলাকার নুরুল মেম্বারের বাড়ির বাসিন্দা।

মামলার বাদী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর ছদ্মনাম অতিথি চাকমা। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার নারানখাইয়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে খাগড়াছড়িমুখী একটি লোকাল বাসে বাড়ির উদ্দেশে রওনা হন ওই শিক্ষার্থী।

বাসটি হাটহাজারী এলাকায় পৌঁছালে অভিযুক্ত মো. জসিম তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে বাসের অন্যান্য যাত্রী ক্ষুব্ধ হয়ে তাঁকে বাস থেকে নামিয়ে দেন।

পরবর্তীতে বাসটি ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি পুনরায় বাসে ওঠেন।

পূর্বের ঘটনার জেরে তিনি ওই শিক্ষার্থীর জামা ও চুল ধরে টানাহেঁচড়া শুরু করেন।

যৌন উদ্দেশ্যে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তিনি শ্লীলতাহানির চেষ্টা করেন এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।

এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে বাসের যাত্রী, চালক ও সহকারী এগিয়ে এসে অভিযুক্ত মো. জসিমকে আটকে রাখেন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হলে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক জসিমকে তাদের হেফাজতে নেয়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক মামুন বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গে চলন্ত বাসে এ ধরনের যৌন হয়রানির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।

তিনি দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং গণপরিবহনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, ভুক্তভোগীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।

এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।