
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে শনিবার (২৫ জুলাই) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।
এই উপলক্ষে সকালে একটি জনসচেতনতামূলক র্যালি বের করা হয়।
পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দশটি ডাস্টবিন স্থাপন করেছে প্রশাসন।
ইউএনও মো. নাজমুল হাসানের নেতৃত্বে এই কর্মসূচিতে সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. নাজমুল হাসান জানান, উপজেলা পরিষদে আগত সবাই যদি নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলেন, তাহলে পুরো প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব হবে।
একটি পরিচ্ছন্ন রাঙ্গুনিয়া গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ, ড্রেন, জলাধার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে শনিবার সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ভবনের ছাদ, ড্রেন এবং জলাধার পরিষ্কার করা হয়।
একই সঙ্গে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং রাস্তা, বাজার ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয়দের মতে, প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাঙ্গুনিয়া গড়ে ওঠা সম্ভব।