সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ভূজপুরে হরতালবিরোধী মিছিল ও আনন্দ শোভাযাত্রা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ জুলাই ২০২৬ | ৮:৪২ অপরাহ্ন


চট্টগ্রামের ভূজপুরে নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ এবং আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সুয়াবিল, হারুয়ালছড়ি, ভূজপুর ও নারায়ণহাট—এই চার ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভূজপুর থানার ছয় ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা ঘোষণা, গেজেট প্রকাশ এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে জনভোগান্তি সৃষ্টি করে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁরা অভিযোগ করেন, সদর দপ্তর ভূজপুর থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে বাগান বাজার ও দাঁতমারায় হরতালের নামে জ্বালাও-পোড়াও এবং উসকানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে।

এই ষড়যন্ত্রের পেছনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হেলাল নূরী, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বিপ্লব এবং আওয়ামী লীগের পলাতক নেতা জানে আলমের ইন্ধন রয়েছে বলে দাবি করা হয়।

এছাড়া নুরুল আলম, রুস্তম চেয়ারম্যান, সাজু চেয়ারম্যান, মজু কোম্পানি ও ছাত্রলীগ নেতা শাহেদসহ কয়েকজনের পরিকল্পনায় প্রশাসনের কর্মকর্তাদের হুমকি-ধামকি দেওয়া হয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।

এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তাঁরা অবিলম্বে এসব নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বক্তারা হরতালকারীদের নৈরাজ্য পরিহার করে এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে চরিত্রহননের অপচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়।

সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং জনকল্যাণে ভূমিকা রাখারও আহ্বান জানান বক্তারা।

সংবাদকর্মী আজগর সালেহীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী এবং ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা জুনাইদ বিন জালাল, সাবেক চেয়ারম্যান শফিউল আলম নূরী, মাহবুবুল আলম আজাদ ও শিল্পপতি জামাল উদ্দিন সিকদার।

হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান চৌধুরী, সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব শহিদ এবং ভূজপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ডা. আবুল কালাম রুবেল এতে অংশ নেন।

নারায়ণহাট ইউনিয়ন বিএনপির নেতা জহির উদ্দিন বাবর, খোরশেদুল আলম আজাদ, এসএম নজরুল ইসলাম এবং মাওলানা শামসুল আলম সমাবেশে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে মামুন বশর ভূইয়া, এমদাদ হাসান, শেখ ইব্রাহিম মেম্বার, মুসলিম মেম্বার এবং এম. নিজাম উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।

পাশাপাশি মুনসুর চৌধুরী, মুহিব্বুল্লাহ আমিনী, তারেকুল ইসলাম এবং জয়নালসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।